ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নতুন ভোগান্তিতে গবি শিক্ষকরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সরকারি বিধিনিষেধের নির্দেশনা অমান্য করে শিক্ষকদের অফিস করার আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, আগামী সপ্তাহে তিন দিন শিক্ষকদের ক্যাম্পাসে এসে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের থেকে এ অভিযোগ পাওয়া যায়। শিক্ষকদের ভাষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন তারা।


নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, আমরা তো বাসায় নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছি। ইদের আর কয়েকদিন বাকি। এর মাঝে সাপ্তাহিক ছুটি, শবে কদরের ছুটি রয়েছে। করোনার বিধি-নিষেধের মাঝে মাত্র তিন দিনের জন্য অফিস করা কষ্টকর।


বর্তমানে করোনার সংক্রমণ বৃদ্ধিতে গত ৫ এপ্রিল থেকে কয়েক দফায় সারাদেশে লকডাউন চলছে। সরকারি নির্দেশনা অনুসরণ করে গবি কর্তৃপক্ষ শুরুতেই শিক্ষকদের বাসায় থেকে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশনা দেয়। সে অনুযায়ী ক্লাস চলমান রয়েছে।


সর্বশেষ, লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করে গত ৫ মে ফের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন করে সরকারি এ নির্দেশনার পরও শিক্ষকদের কেন ক্যাম্পাসে আসতে হবে- এমন প্রশ্ন অনেকের।


এ দিকে, কয়েক দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা এবং আসন্ন ইদকে কেন্দ্র করে আর অফিস করতে হবে না অনুমান করে অনেক শিক্ষক ইতোমধ্যে তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন বলে জানা গেছে। কিন্তু প্রশাসনের এ ঘোষণায় পরিবহন সীমাবদ্ধতায় পুনরায় ঢাকা ফেরার ব্যাপারে ভোগান্তিতে পড়েছেন তারা।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু বলেন, ‘সরকার বা ইউজিসি কি বলছে আমরা জানি। বিশ্ববিদ্যালয়ে ইদের আগে কিছু কাজ থাকে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কাজ আছে। শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া, নতুন ছাত্র ভর্তি করানো। সরকার তো ভর্তি বন্ধ রাখেনি। কনস্ট্রাকশনের কাজ আছে আমাদের।’


জরুরি কাজের জন্য শিক্ষকদের ক্যাম্পাসে এসে অফিস করার বিষয়ে ইউজিসির কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ জানান, ‘না, সরকার যে নির্দেশনা দিয়েছে সেটাই বহাল থাকবে। এর বাইরে আমাদের কোনো নির্দেশনা নাই।’

ads
ads
ads

Our Facebook Page

↑